কিছুদিন আগেই করণ জোহরের 'দোস্তানা' ছবিটা দেখে অনেকেই বেশ মজা উপভোগ করেছেন৷ অভিষেক-জনের ছদ্মবেশী সমকামী ভাবটা পর্দাতে দেখে হেসে লুটিয়ে পড়েছেন সিনেমা প্রেমী বহু সংখ্যক মানুষ৷ সেটা তো ছিল সিনেমা৷ গে রাও হয়ত এই ছবিটা দেখেছিলেন৷ তাদের নিয়ে ছবিটা করণের ধনভান্ডারে লক্ষ্ণীকে বাড়ানোর সঙ্গে সঙ্গে সমকামীদের মনেও চেতনা যুগিয়েছিল৷ সেই চেতনা হল সামাজিক বৈধতার৷
এর আগে বেশ কিছু টিভি চ্যানেলে মাঝে মাঝেই ভেসে উঠেছে সমকামী বিবাহের বিষয়টি৷ পাঞ্জাবের এক দৃষ্টান্তের কথা মনে পড়ে৷ সেখানে দুই তরুনী একে অপরের সঙ্গে থাকতে চাইতে তাদের পরিবার আপত্তি জানায়৷ পরে তারা পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করে৷ তা নিয়েই টেলিভিশনের টানা দু-তিনদিন তোলপাড় চলে৷ এরকম ঘটনা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আকছারই ঘটে৷ তবে তা এতদিন সমাজে বৈধ ছিল না৷
IFM
IFM
ভারতীয় সংবিধানের 377 ধারা অনুযায়ী সমকামী বিবাহ একেবারেই নিষিদ্ধ ছিল৷ তবে যুগের পরিবর্তন সমাজের বিভিন্ন সম্প্রদাযের মানুষের মনেও এক গভীর প্রভাব ফেলেছে৷ পাশ্চাত্যের ছোঁওয়া এই প্রজন্মের চিন্তাধারাতেও বেশ ভালই ছোবল বসিয়েছে৷ তাই তো কিছুদিন আগেই দিল্লিতে ধর্না দিয়ে সমকামীরা নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে সামাজিক মর্যাদার দাবি করে বসেন৷ গনতান্ত্রিক ভারতে স্বাধীন ভাবে বাঁচার অধিকার সকলের রয়েছে৷ এবার স্বাধীন ভাবে বাঁচতে পারবেন সমকামীরা৷ কারণ দিল্লি হাই কোর্ট সামাজিক ক্ষেত্রে তাদের বৈধতার দাবি মেনে নিয়েছে৷
বলিউডের অভিনেত্রী সেলিনা এই সম্প্রদায়ের হয়ে অনেকবারই মুখ খুলেছেন৷ তাঁর একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেখানে তিনি গেদের হিতে নানা মন্তব্য করেছেন৷ দিল্লির আদালয়ের রায় সমকামীদের সঙ্গে সেলিনার মনেও আনন্দের পরশ জাগিয়েছে৷ তিনি স্পষ্ট জানিয়েছেন, 'চোখে জল নিয়ে গর্বের সঙ্গে এই সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি৷ ভারতে এখন সমকামীতা বৈধ৷ অনেক সংগ্রাম করেই আমরা এই লড়াই জিতেছি৷ এখন সমকামীরা মাথা উচু করে সমাজে বাঁচতে পারবে৷ '