ছবি: ভূতনাথ নির্মাতা: রবি চোপড়া নির্দেশক: বিবেক শর্মা গীতিকার: জাভেদ আখতার সঙ্গীত পরিচালক: বিশাল দদলানী, শেখর রবজিয়ানি, সলীম মার্চেন্ট, সুলেমান মার্চেন্ট অভিনয়ে: অমিতাভ বচ্চন, জুহি চাওলা, শাহরুখ খান, আমন সিদ্দিকী , প্রিয়াশু চ্যাটার্জী, রাজপাল যাদব, সতিশ শাহ৷ রেটিং : 4/5
রবি চোপড়ার ভূতনাথ ছবিতে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রীর দুই সুপারস্টার অমিতাভ আর শাহরুখ এই দুজন একসঙ্গে অভিনয় করেছেন৷ এর আগে যদিও অমিতাভ আর শাহরুখ একসঙ্গে বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছিলেন৷ কিন্তু দীর্ঘ সময় পর আবার এই দুই সুপারস্টার সিলভার স্ক্রিনের পর্দায় একসঙ্গে হাজির হয়েছেন৷
ভূতনাথ ছবিটির মধ্যে দিয়ে বিবেক নির্দেশনার জগতে কদম রেখেছেন৷ কিন্তু তিনি ভূতনাথ ছবিতে দক্ষ নির্দেশনার পরিচয় দিয়েছেন৷ যা বিগ বি শুটিং এর সময়ই বুঝতে পেরে যান৷ তিনি নির্মাতা রবি চোপড়ার কাছে শুটিং উপস্থিত থাকার যে শর্ত রেখেছিলেন তা তিনি পরে ফিরিয়ে নেন৷ ভূত নিয়ে এর আগে অনেক ছবি বলিউডে তৈরী হয়েছে৷ রাম গোপাল ভর্মা থেকে শুরু করে অমোল পালেকার সকলেই ভুত থিমটা নিয়ে কাজ করেছেন৷
তবে বিবেক শর্মার ভূতনাথের কাহিনীটা এত সরল ও সাবলীল যে যা ভয়ের সঙ্গে আপনার চেহারায় হাসি ফুটিয়ে দেবে৷ ছবির কাহিনীর মূল মোটো হল আত্মা অমর৷ যুগ যুগ ধরে প্রচলিত এই বিশ্বাসকেই কাজে লাগিয়ে ভূতনাথের কাহিনীকার খুব সুন্দর একটা কাহিনী রচনা করেছেন৷ ছবির গল্পে বঙ্কু অর্থাত আমন সিদ্দীকি তাঁর মা বাবার সঙ্গে গোয়াতে আসে৷ গোয়াতে তাঁরা একটা প্রাসাদ সম বাড়িতে থাকতে শুরু করে৷
কিন্তু সেই প্রাসাদসম বাড়িটি ছিল ভূতের আবাসস্থল৷ কৈলাস নাথ আকা ভূতনাথ অর্থাত অমিতাভ ভুতের রুপে বঙ্কুতে প্রথম দিকে প্রচন্ড পরিমানে ভয় দেখানোর চেষ্টা করে৷ কিন্তু ভূতনাথের কোন জাদুই বঙ্কুর মনে ভয়ের প্রভাব ফেলে না৷ আস্তে আস্তে বঙ্কু আর ভূতনাথের মধ্যে বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠে৷ বাড়িটা ছিল কৈলাস নাথের ছেলের৷ কৈলাস নাথের ছেলে প্রিয়াংশু যখন সেই প্রাসাদ সম বাড়িটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তখনই গল্পে মোড় আসে৷ ছবিতে নির্দেশক বিবেক শর্মা তাঁর ফান্ডাকে খুব পরিস্কারভাবে ফোটানোর চেষ্টা করেছেন৷ তিনি স্টাইলের উপর বেশী গুরুত্ব দেন নি৷
শিশুদের উদ্দেশ্য করেই তিনি এই ছবিটা তৈরী করেছেন৷ ছবির বেশীরভাগ অংশেই শিশুদের প্রাধান্য দেওয়া হয়েছে৷ স্কুলের ক্লাসরুমে ছাত্রদের সঙ্গে স্কুলের অধ্যাপকের কথোপকথন্৷ এছাড়া গেম খেলা সব কিছুই শিশুদের ভাল লাগার দিকটার কথা মাথায় রেখেই ছবিতে রাখা হয়েছে৷ বিরতির পর কাহিনীতে মোড় আসে৷ বিরতির পর বাড়ি থেকে প্রেতাত্মাকে তাড়ানোর জন্য যে পূজোটা করা হয় সেই দৃশ্যটা অত্যন্ত অসাধারন ভাবে চিত্রিত হয়েছে৷
এই ছবির আর একটা প্লাস পয়েন্ট এই ছবির তারকা নির্বাচন৷ অভিজ্ঞ সুপারস্টার বচ্চনের বিপরীতে একজন শিশু প্রতিভাকে এই ছবিতে রাখা হয়েছে৷ তবে সুপারস্টারের অসাধারন অভিনয়ের পাশে শিশু তারকা আমনও দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন৷ অত্যন্ত সরল এবং সাবলীল অভিনয় করেছেন্ আমন৷ শাহরুখ এই ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন৷ 20- 25 মিনিটের শাহরুখের উপস্থিতি দর্শকদের আনন্দ দেবে৷ অপরদিকে জুহিও ভাল অভিনয় করেছেন৷ তবে রাজপাল যাদবের অভিনয়ের মধ্যে কোন নতুনত্ব ছিল না৷
অধ্যাপক সতীশ শাহ বাচ্চাদের যথেষ্ট ভালবাসা অর্জন করবেন৷ প্রিয়াংশুর অভিনয়ও ভাল হয়েছে৷ আশীষ চৌধুরী আর নৌহিদ মোটামুটি অভিনয় করেছেন৷ তবে এই ছবির মিউজিক ভাল হয় নি৷ বিশাল শেখর এই ছবিতে আকর্ষনীয় মিউজিক দিতে পারেন নি৷ ছবির মিউজিক আরও ভাল হওয়া উচিত ছিল৷ এই ছবির সিনেমাটোগ্রাফিও ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে৷ সব মিলিয়ে ভূতনাথ শিশুদের মনকে আকৃষ্ট করবে৷ ছয় থেকে ষাট সব বয়সের দর্শকরাই এই ছবিটি দেখে আনন্দ পাবেন৷
|