শাহরুখ এমনিতে গান গাইতে ভালবাসেন না৷ কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য কিং খানকে অবশেষে গান গাইতে হল৷ কিছুদিন আগে শাহরুখ বিখ্যাত সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ীর নির্দেশনায় কলকাতা টিমের মিউজিক ভিডিওটির জন্য একটি গান রেকর্ড করেছেন৷ এই গানটার কথা হল রান জাস্ট রান৷ এই গানটির মধ্যে দিয়ে শুধু ক্রিকেটই নয়, জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণাও দেওয়া হয়েছে৷
শাহরুখের গান সম্পর্কে কথা বলতে গিয়ে সঙ্গীত পরিচালক বাপি লাহিড়ী জানান শাহরুখ একজন পেশাদার গায়ক নয় কিন্তু রেকর্ডিং এর সময় শাহরুখ একটুও ঘাবড়ে যান নি৷ তিনি সম্পূর্ন আত্মবিশ্বাসের সঙ্গে ঠিক বাপিদা যেমন চেয়েছিলেন ঠিক সেই রকমই গানটা গেয়েছেন৷ আর হয়ত তিন চারদিনের মধ্যেই টেলিভিশনের পর্দাতে শাহরুখের এই গানটা শুনতে পাওয়া যাবে৷
নাইট রাইডার্সের জন্য শাহরুখ পাঁচটা গান তৈরী করেছেন৷ এর মধ্যে দুটো গান তৈরী করেছেন বাপি লাহিড়ী, অপর দুটো গান তৈরী করেছেন প্রীতম৷ আর বিশাল-শেখর তৈরী করেছেন একটা গান৷ শাহরুখের রান জাস্ট রান গানটির ভিডিও তৈরী করা হচ্ছে৷ আর এই ভিডিওর কোরিওগ্রাফি করছেন গণেশ হেগড়ে৷
|