যুবরাজের প্রেমে কিম এতটাই আকুল হয়েছিলেন যে নিজের কেরিয়ার নিয়েও ভাবেন নি৷ মোহব্বতে মতন বিগ ব্যানারের ছবিতে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করা সত্ত্বেও কিম সেরকম ভাবে প্রতিষ্ঠা অর্জন করতে পারেন নি৷ এ গ্রেডের ছবি তো দূরের কথা বেশীরভাগ সময়ই তিনি বি গ্রেডের ছবিতে নজরে এসেছেন৷ তবে যেই ভালবাসার জন্য কিম কেরিয়ারের দিকে দৃষ্টি দেন নি, কিমের সেই প্রেম সফল হয় নি৷
যুবরাজের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর কিম কেরিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন৷ কিন্তু ততদিনে কিম অন্যান্য নায়িকাদের তুলনায় অনেক পিছিয়ে পড়েছিলেন৷ তিনি একটা বড় ব্রেক পাওয়ার অপেক্ষায় ছিলেন৷ শেষ পর্যন্ত কিমের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে৷ বিখ্যাত নির্মাতা-নির্দেশক ইন্দ্রকুমার তাঁর আগামী ছবিটির জন্য কিমকে সাইন করেছেন৷
এর আগে ইন্দ্রকুমারের ধমাল ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া জাগিয়েছিল৷ ধমালের পর ইন্দ্র তাঁর এই ছবিটিতেও কমেডিকে ভরপুর মাত্রায় রাখবেন৷এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সুনীল শেঠী, আশীষ চৌধুরী, জাভেদ জাফরী এবং টিউলিপ জোশী৷ ইন্দ্রকুমারের এই ছবিতে কিম এক ক্যাথোলিক মেয়ের ভূমিকায় অভিনয় করবেন৷ ইন্দ্রকুমারের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে কিম্ অত্যন্ত আনন্দিত হয়েছেন৷ তিনি মনে করছেন এই ছবিতে অভিনয়ের মধ্যে দিয়েই তাঁর কেরিয়ারের গতিতে চমক আসবে৷
|