বলিউড থেকে কিছু সময়ের জন্য ব্রেক নিয়ে হার্ভাড বি স্কুলে পড়াশুনা করবেন বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্টা৷ প্রেমিক নেস ওয়াডিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে প্রীতির মনে অভিনয়ের পাশাপাশি আবার পড়াশুনা করার সাধ জেগেছে৷ মনের সাধ মেটাতে তিনি আমেরিকার হাভার্ড বি স্কুলে নেগোসিয়েটিং অ্যান্ড ডিল মার্কেটিং এর উপর একটা সংক্ষিপ্ত কোর্স করতে যাচ্ছেন৷
এরপরে কি তিনি অভিনয় ছেড়ে পুরোপুরি ভাবে ব্যবসাতে নামবেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে প্রীতি জানিয়েছেন অভিনয় থেকে একেবারে দূরে সরে যাওয়ার কোন পরিকল্পনা তাঁর নেই৷ তবে তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান যা এর আগে কখনও করেন নি৷
বর্তমানে হাতে বহু স্ক্রিপ্ট রয়েছে৷ তা তিনি পড়ছেন৷ এর মধ্যে কোনটা ভালো লাগলে তাতে তিনি অভিনয় করবেন৷ প্রীতির কথাতে এটা স্পষ্ট অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও এরপরে তিনি অভিনয়টা চালিয়ে যাবেন৷