পর্দার বাইরে থেকে যারা তাদের সূক্ষ্ণ মেক আপের জাদুতে তারকাদের আকর্ষণীয় করে তোলেন এক কথায় তাদেরই বলা হয় মেক আপ আর্টিস্ট৷ চরিত্রের সঙ্গে তাল মিলিয়ে সূক্ষ্ণ তুলির টানে কখনও বেশী বয়সের অভিনেত্রীকে একেবারে তরুনী সাজিয়ে দেন৷ আবার কখনও কম বয়সের তারকাদের বৃদ্ধ লুক দেন৷ আবদুল রহমান হলেন এই রকমই মেক আপ আর্টিস্ট৷ আজ পর্যন্ত বালাজী টেলিফিল্মসের সব সিরিয়ালের অভিনেত্রীদেরই মেক আপ করেছেন আবদুল৷ 'কিউকির' তুলসী আর 'কাহানি ঘর ঘর কি'সিরিয়ালে পার্বতীর রুপের আকর্ষণটা বেড়েছে আবদুলের মেক আপের জাদুতেই৷ চলুন এ নিয়ে আবদুল কি বলছেন তা জেনে নিই৷ আবদুলের এই এক্সক্লুসিভ সাক্ষাতকারটি নিয়েছেন বাংলা ওয়েবদুনিয়ার সাংবাদিক জিনিয়া দত্ত৷ প্রশ্ন: আপনি আজ পর্যন্ত কোন কোন তারকাদের মেক আপ করেছেন? উত্তর: বালাজী টেলিফিল্মসের যত শো এবং সিরিয়াল হয়েছে সব গুলোতেই আমি মেক আপ করেছি৷ বিশেষ করে অভিনেত্রীদের মেক আপ আমি করেছি৷ তুলসী থেকে শুরু করে পার্বতী, নন্দিনী, রক্ষান্দা খান সবার মেক আপ আমি করেছি৷ প্রশ্ন: পুরোনো দিনের মেক আপ আর বর্তমানের মেক আপের মধ্যে পার্থক্য কি? উত্তর: ফ্যাশান বদলে গেছে৷ প্রথমে পুরোনো প্রোডাক্ট বলকেরি ব্যবহার করা হত৷ সিরিয়ালগুলোতে বর্তমানে ক্রালোন, ধর্মা ফাউন্ডেশন ব্যবহার করা হয়৷ ফিল্মে বেশীরভাগ লিকুইড মেক আপ ব্যবহার করা হয়৷ বেশীরভাগ সিরিয়াল ঘরের ভিতরে শ্যুটিং হয় সেই কারণে মেক আপটা ভীষণ ন্যাচারাল থাকে৷ আর শোতে মেক আপটা হেভি থাকে৷ প্রশ্ন: মেক আপ জগতে আপনি দীর্ঘদিন রয়েছেন৷ কি অভিজ্ঞতা লাভ করেছেন? উত্তর: প্রতিদিনই কিছু না কিছু নতুন জিনিস শিখতে পারি৷ এটা একটা সমুদ্র৷ শেখার কোন শেষ নেই৷ ব্যস শিখে যেতে চাই৷ প্রশ্ন: আপনি কার থেকে এর প্রশিক্ষণ নিয়েছেন? উত্তর: আমার গুরু হলেন পন্ঢারী দাদা৷ পুরোনো দিনে হিন্দী সিনেমাতে বহু অভিনেত্রীদের তিনি মেক আপ করেছেন৷ মীনা কুমারী থেকে শুরু করে মধুবালা,মাধুরী দিক্ষীত সব অভিনেত্রীদেরই তিনি মেক আপ করেছেন৷ আমি ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি৷ এখন ওনার বয়স হয়ে গেছে৷ উনি এখন প্রশিক্ষণ দেন৷ প্রশ্ন: শো এর ক্ষেত্রে মেক আপটা কি রকম হয়? উত্তর: শো এর ক্ষেত্রে মেক আপটা হেভি থাকে৷ গাঢ় লাইনার, গাঢ় লিপস্টিক এবং বেশী মাত্রায় ফাউন্ডেশন ব্যবহার করা হয়৷ প্রশ্ন: আপনার মতে দিনের মেক আপটা কেমন হওয়া উচিত? উত্তর: দিনে ভীষণ হালকা মেক আপ করা উচিত৷ হালকা লিপস্টিক, হালকা কাজল লাগানো উচিত৷ রুজ একেবারেই অল্প লাগানো উচিত৷ প্রশ্ন: রাতে কোন পার্টির জন্য কেমন মেক করা উচিত? উত্তর: রাতে ডার্ক মেক আপ করতে পারেন৷ গাঢ় লিপস্টিক, কাজল এবং লাইনার লাগাতে পারেন৷ তার সঙ্গে চুলের শেপটা ঠিক রাখার জন্য জেল লাগাতে পারেন৷ |