মুখ্য পৃষ্ঠা   অন্যান্য বিষয়  সাহিত্য  কবিতা
 
নির্ঝরের স্বপ্নভঙ্গ , রবীন্দ্রনাথ ঠাকুর
আজি এ প্রভাতে রবির কর
কেমনে পশিল প্রাণের পর,
কেমনে পশিল গুহার আঁধারে প্রভাতপাখির গান৷
না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ৷
জাগিয়া উঠেছে প্রাণ,
ওরে উথলি উঠেছে বারি,
ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি৷
থর থর করি কাঁপিছে ভূধর,
শিলা রাশি রাশি পড়িছে খসে,
ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল
গরজি উঠিছে দারুণ রোষে৷
হেথায় হোথায় পাগলের প্রায়
ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়-
বাহিরিতে চায়, দেখিতে না পায় কোথায় কারার দ্বার৷
কেন রে বিধাতা পাষাণ হেন,
চারি দিকে তার বাঁধন কেন৷
ভাঙ্ রে হৃদয়, ভাঙ্ রে বাঁধন,
সাধ্ রে আজিকে প্রাণের সাধন,
লহরীর পরে লহরী তুলিয়া
আঘাতের পরে আঘাত কর্৷
মাতিয়া যখন উঠেছে পরান
কিসের আঁধার, কিসের পাষাণ৷
উথলি যখন উঠেছে বাসনা
জগতে তখন কিসের ডর৷

আমি চালিব করুণাধারা,
আমি ভাঙিব পাষাণকারা,
আমি জগত্ প্লাবিয়া বেড়াব গাহিয়া
আকুল পাগল-পারা৷
কেশ এলাইয়া, ফুল কুড়াইয়া,
রামধনু-আঁকা পাখা উড়াইয়া,
রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান চালি৷
শিখর হইতে শিখরে ছুটিব,
ভূধর হইতে ভূধরে লুটিব,
হেসে খলখল গেয়ে কলকল তালে তালে দিব তালি৷
এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর,
এত সুখ আছে, এত সাধ আছে-প্রাণ হয়ে আছে ভোর৷

কী জানি কী হল আজি, জাগিয়া উঠিল প্রাণ-
দূর হতে শুনি যেন মহাসাগরের গান৷
ওরে, চারি দিকে মোর
এ কী কারাগার ঘোর-
ভাঙ্ ভাঙ্ ভাঙ্ কারা, আঘাতে আঘাত কর্৷
ওরে আজ কী গান গেয়েছে পাখি,
এসেছে রবির কর৷৷
অতিরিক্ত
হঠাত্ দেখা, রবীন্দ্রনাথ ঠাকুর
অপমানিত , রবীন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন , রবীন্দ্রনাথ ঠাকুর