দেবারতি দাস, অধ্যাপিকা
নববর্ষ উত্সব বাঙালী সংস্কৃতির মৌলিকতার প্রতীক৷ 'পয়লা বৈশাখ' বাঙালীর 'বারো মাসে তেরো পার্বণ'- এর প্রথম পার্বণ৷ তাই দিনটি বাঙালীদের কাছে আনন্দ উত্সবের দিন৷ যদিও উত্সবের প্রকৃতি ও তাত্পর্য আজকের দিনে অনেকটাই বদলে গেছে, কিন্তু বাঙালীদের জীবনে এই উত্সবের প্রতিফলন এখনও সুস্পষ্ট৷ তাই পয়লা বৈশাখের তাত্পর্য বাঙালী সংস্কৃতিতে কতখানি অক্ষুন্ন রয়েছে এবং তার রূপ পরিবর্তন কিভাবে হয়েছে তা বিশ্লেষণ করাই এই আলোচনার উদ্দেশ্য৷
চৈত্র মাসের অবসানের পর পয়লা বৈশাখ দিনটিতে বাঙালী একটি নতুন বছরকে স্বাগত জানায়৷ এই দিনটিতে বাঙালীর ঘরে ঘরে অতিথি আপ্যায়ন চলে৷ মিষ্টি এবং বিভিন্ন ধরণের সাবেকি বাঙালী পদ শুধু খাদ্যাভাসই নয়, পোষাক-পরিচয়ের ক্ষেত্রেও এইদিন বাঙালীয়ানা বজায় রাখার পূর্ণ চেষ্টা করা হয়৷ ব্যবসায়ীদের ক্ষেত্রে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিন তারা হিসাবের নতুন খাতা এবং গণেশ-লক্ষ্মীর পূজা করে৷
তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং বিশ্বায়নের দ্বারা প্রভাবিত হয়ে বাঙালীদের এই গতানুগতিক উত্সব-রীতির প্রকৃতি অনেকটাই বদলে গেছে৷ বর্তমানে বাঙালী সংস্কৃতির উপর পশ্চিমী সংস্কৃতি এতটাই প্রভাব বিস্তার করেছে যে, বাঙালী সংস্কৃতির স্বকীয়তা ও স্বাতন্ত্র্য চ্যালেঞ্চের সন্মুখীন হয়েছে৷ তাই বাংলা নববর্ষের তাত্পর্য ও গুরুত্ব ইংরেজী 'নিউ ইয়ার' এর তুলনায় অনেকটাই খাটো হয়ে গেছে৷ বর্তমান বাঙালী তরুণ প্রজন্মের অনেকের কাছেই নববর্ষের গুরুত্ব হল 'প্যান্টালুনস', 'বাজার কলকাতা', বা 'সিটি মার্ট'৷ এই চৈত্রের সেল থেকে কেনাকাটা করার সুযোগ, রেস্তোরায় গিয়ে বিভিন্ন বাঙালী রান্নার স্বাদ উপলদ্ধি করা এবং চুটিয়ে একদিন আনন্দ করার এবং ঘুরে বেড়ানোর দিন৷ বাঙালী মাস বা বছরের ব্যবহার প্রচলিত না থাকায় তা অধিকাংশ বাঙালীদেরই সচেতননার উর্দ্ধে৷ বাউল গান, থিয়েটার, নাটক, যাত্রা, কবিতা পাঠ, নৃত্য- অনুষ্ঠান, আলাপ-আলোচনা, এমনকি আড্ডার সংস্কৃতিতে বাঙালীদের জীবনে ক্রমেই তাত্পর্যহীন হয়ে পড়েছে৷ পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করতে গিয়ে বাঙালী তাদের সভ্যতা, সংস্কৃতি সাহিত্য এবং তাদের স্বতন্ত্র পরিচিতিকে হারিয়ে ফেলছে৷ তাই বাঙালীদের কাছে এখন নববর্ষের মতো বহু উত্সবের গুরুত্বই হ্রাস হয়ে পাচ্ছে৷ অন্যদিকে তারা 'ফ্রেন্ডশিপ ডে', 'ভ্যালেন্টাইস ডে', 'রোজ ডে', 'নিউ ইয়ার' নানা উত্সব উদযাপনে মত্ত হয়ে উঠেছে৷
বাঙালী ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করা এবং বাঙালী সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে 'নববর্ষ' উত্সবের গুরুত্ব অপরিসীম৷ তাই বর্তমানে বাঙালীদের দায়িত্ব হল বাঙালী সংস্কৃতির প্রায় অবলুপ্ত বৈশিষ্ট্যগুলিকে নিজেদের পূর্ব মর্যাদার স্থানে ফিরিয়ে নিয়ে আসা৷ 'পয়লা বৈশাখ' তখনই তাত্পর্যপূর্ণ হয়ে উঠবে, যখন বাঙালী গান-নৃত্য-সাহিত্যচর্চার মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করবে এবং বাঙালী সংস্কৃতিকে অক্ষুন্ন রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে৷
|