নববর্ষের আনন্দ যেমন নতুন পোশাকে, অপরদিকে নববর্ষে খাবার টেবিল সাজে রকমারী খাবারে৷ বাঙালীয়ানায় নববর্ষ পালন হাতে মিষ্টির প্লেট থাকবে না এমনটা হতেই পারে না৷ আর মিষ্টি যদি বাড়িতে তৈরী করা হয় তাহলে তো আর কথাই নেই৷ শুধু মিষ্টি নয়, মিষ্টির সঙ্গে নানা স্বাদের রকমারী ব্যঞ্জনে নববর্ষ পালন করা হয়৷ ইলিশ মাছের পাতুড়ি, পোস্ত আর সর্ষে দিয়ে পারসে মাছ, বেগুন ভাজা, মুগ ডাল, মুড়ি ঘন্ট... এই প্রথাগত বাঙালী খাবার গুলোর নাম শুনলেই জিভে জল চলে আসে৷ মনে এর স্বাদ গ্রহনের ইচ্ছা জাগে৷
তবে এই রান্নাগুলো তো আমরা হামেশাই করি৷ আর মনেপ্রাণ ভরে এর স্বাদ গ্রহন করি৷ চলুন বাংলা থেকে বেরিয়ে মরু শহরের দিকে যাওয়া যাক৷ হ্যাঁ রাজস্থানের কথা বলা হচ্ছে৷ রাজস্থান বলতেই সুন্দর কাজ করা ঘাগড়া আর মাথায় কলসি নিয়ে জল ভরতে যাওয়া কোন এক মহিলার ছবি মনের কল্পনা জগতে উকি দেয়৷ জোয়ার আর বাজরার রুটি তার সঙ্গে কাচা আমের আচাড় আর লপসি রাজস্থানী পাকওয়ানের প্রধান আইটেম৷ যে কোন অনুষ্ঠানে রাজস্থানের যে কোন বাড়িতেই আপনি লপসির গন্ধ পাবেন না এমন হতেই পারে না৷ চলুন শিখে নেওয়া যাক লপসী রান্না৷
উপকরন: 500 গ্রাম গমের দালিয়া, 350 থেকে 400 গ্রাম গুড়, গোন্দ, শুকনো নারকেল, বাদাম, কাজু, পেস্তা, কিশমিশ, রুপোর মোড়ক, ঘি৷
প্রণালী: কড়াইতে প্রথমে ঘি গরম করে গোন্দকে ভাল করে ভাজুন৷ ঐ ঘিতেই গমের দালিয়া দিয়ে হালকা আঁচের মধ্যে খুব ভাল করে সেকুন৷ একটা বাসনের মধ্যে আধা লিটার জলের মধ্যে গুড় দিয়ে ওভেনে ফোটাতে শুরু করুন৷ গুড় জলের মধ্যে ভাল করে গুলে যাওয়ার পর সেই জলটা ভাল করে ছেঁকে নিন৷ গমের দালিয়া ভাল করে সেঁকা হয়ে যাওয়ার পর ওর মধ্যে গুড়ের জলটা দিন৷ এরপর একটা থালা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ কমিয়ে দিন৷ এতে ঐ মিশ্রনটা ভাঁপে ভাল করে সেদ্ধ হয়ে যাবে৷ যখন দালিয়া ভাল করে সেদ্ধ হয়ে যাবে তখন ঘি গরম করে গমের দালিয়ার মধ্যে ঘি ঢেলে দিন৷ এরপর ওর মধ্যে গোন্দ দিয়ে ঐ পাত্রের চারিদিকে মেবা টুকরো টুকরো কেটে ছড়িয়ে দিন৷ এরপর ঐ লপসীর মধ্যে রুপোর মোড়ক ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন৷
|