আফগান মাটি থেকে তালিবান নামক সন্ত্রাসের বীজকে চিরতরে উচ্ছেদ করার কাজে আমেরিকা কোন প্রয়াস বাকি রাখছে না৷ আফগানিস্থানে তালিবান সন্ত্রাসকে রুখতে আমেরিকা সেখানে তালিবান বিরোধী সেনা গড়ার উদ্যোগ নিয়েছে৷ সম্প্রতি মার্কিন মুলুকের এক দৈনিকে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গেছে৷
ঐ রিপোর্টে বলা হয়েছে আমেরিকা আফগান সরকারের সঙ্গে মিলে আফগানিস্থানের দক্ষিন এবং পূর্ব প্রান্তে বেশ কিছু সশস্ত্র সেনাবাহিনী মোতায়েন করেছে৷ তালিবানকে উচ্ছেদ করার কাজে এই সেনাবাহিনীকেই কাজে লাগাবে আফগান সরকার৷ এছাড়া আফগানিস্থানের তালিবান প্রধান অঞ্চলগুলোতে কিছু বন্দুকধারী সেনা মোতায়েন করার পরিকল্পনা রয়েছে আমেরিকার৷
এর আগে ওবামা প্রশাসন আফগানিস্থানে বেশ কিছু সেনা পাঠিয়েছিল৷ তবে আফগান প্রশাসন নিরাপত্তার খাতিরে সেই সৈন্য সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে৷ প্রয়োজন পড়লে তালিবান নির্মূলে ওবামা প্রশাসন আরও কিছু আমেরিকান সৈন্য আফগানিস্থানে পাঠাবে৷
বর্তমানে আমেরিকার সঙ্গে মিলে তালিবান বিরোধী সেনা গড়তে তত্পর হয়েছে আফগান সরকার৷ আফগান সেনাবাহিনীতে সেনার অভাব দূর করবে ঐ তালিবান বিরোধী সেনা৷ তাদের রীতিমত প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ রিপোর্ট অনুয়াযী ইতিমধ্যেই আফগানিস্থানের বেশ কিছু অঞ্চলে ঐ তালিবান বিরোধী সেনা মোতায়েন করা হয়েছে৷