মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের কাজ কর্মের পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করল কংগ্রেস হাইকমান্ড৷ বেশ কিছু দিন ধরে কংগ্রেসের অন্দর মহলে গুঞ্জন ছিল দেশমুখের কাজ কর্মে অখুশি কেন্দ্রীয় নেতৃত্ব৷ এমন কি স্বয়ং সোনিয়া গান্ধী তাঁকে নিয়ে বিরক্ত৷ তাঁকে সরিয়ে দিয়ে নতুন কোন মুখকে এই পদে আনতে চান৷
কংগ্রেসের এই কমিটি গঠনের মধ্যে দিয়ে সেই বিষয় আবার সমানে চলে এসেছে৷ যদিও কংগ্রেসের মুখপাত্র একথা অস্বীকার করে জানিয়েছেন দেশমুখকে সরিয়ে দেওয়ার কোন প্রশ্ন নেই৷ তিনি ভালোভাবে কাজ করেছেন৷ এই কমিটির কাজ হবে কি ভাবে সরকার আরও ভালো কাজ করতে পারে তা পর্যলোচনা করা৷ এই তিন সদস্যের বিশেষ কমিটিতে আছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রণব মুখার্জী, এ কে অন্টিনি ও সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল৷
লোকসভার বাজেট ও মহারাষ্ট্র্র বিধানসভার বাজেট অধিবেশন শেষ হলে কমিটি কাজ শুরু করবে৷ এই কমিটি গঠন বা তার কোন কাজ কর্ম নিয়ে মন্তব্য করতে রাজি হন নি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী৷ বেশ কিছু দিন ধরে দেশমুখের সঙ্গে মন্ত্রীসভার এক বড় অংশের বিরোধ চলছিল৷ এর মধ্যে রয়েছেন প্রভাবশালী নেতা নারায়ন রানে ও প্রভু রাও৷
কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ধারনা এভাবে চলতে থাকলে সরকারের কাজকর্মে তার প্রভাব পড়বে৷ এখন থেকে সর্তক হতে না পারলে সরকার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন সাধারণ মানুষ৷ একথা মাথায় রেখেই ঐ কমিটি গঠন করছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব৷ দলের মধ্যে মধ্যে গুঞ্জন রয়েছে দেশমুখকে সরিয়ে দিয়ে সুশীল কুমারা সিন্ডেকে দায়িতব দিতে পারে কংগ্রেস৷
|