নতুন দিল্লিঃ ঘর ভাঙ্গার আগে একবার হলেও যেন নিজেদের বিভেদ মিটিয়ে ফেলতে চাইছে বাম-কংগ্রেস৷ চার বছরের একান্নবর্তী পরিবারে ভাব-ভালোবাসা যত না ছিল, ঝগড়া আর মন কষাকষি তার থেকেও যেন বেশী ছিল৷ আর তা পূর্ণ রূপে স্থায়ী হল যখন ইন্দো-মার্কিন পরমাণু চুক্তি সামনে এল৷ বামেরা প্রথম থেকেই চুক্তির বিরোধীতা করেছে আর এখন তো সমর্থন তুলে নেওয়ার সময়ও বেধে দিয়েছে৷
তবু যার সঙ্গে এতদিন ঘরকরা তাকে কি সহজে ভোলা যায়? আর তাই পূর্ণ রূপে ঘর ভাঙ্গার আগে আগামী 10-ই জুলাই ইউপিএ-বাম কমিটি৷ যদিও বামদলগুলি হুমকি দিয়েছিল যে প্রধানমন্ত্রী পরমাণু বিষয়ে কথা বললেই তারা সমর্থন প্রত্যাহার করবে৷ বুধবার বুশের সঙ্গে আলোচনায় বসবেন প্রধানমন্ত্রী৷ এবারে এই আলোচনার পরেই ইউপিএ-বাম বৈঠক বসছে যাতে শেষ বারের মতন হয়তো পরমাণু ইস্যুতে বামেদের বোঝানোর চেষ্টা করা হবে৷ তাই আগামী বৃহষ্পতিবার দুই পক্ষের কাছেই খুবই গুরুত্বপূর্ণ দিন৷
|