ভারত সফররত আফগানিস্তানের প্রধানমন্ত্রী হামিদ কারজাইয়ের সঙ্গে আজ একান্ত বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ সেই বৈঠকে আলোচনা হবে একাধিক দ্বিপাক্ষিক বিষয সহ সন্ত্রাসবাদের মোকাবিলা করার জন্য কি পদক্ষেপ নেওয়া সম্ভব তাই নিয়ে৷
মুম্বাই কান্ডের পর কারজাই প্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে দিল্লিতে এসেছেন৷ পাকিস্তানের প্রতিবেশী দেশ ও তালিবানদের জঙ্গি ঘাঁটি থাকার কারণে কিন্তু আফগানিস্তান বাড়তি গুরুত্ব পাচ্ছে দিল্লির কাছে৷ প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রের খবর কারজাইয়ের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মুম্বাই সন্ত্রাসে পাকিস্তান কি ভাবে জড়িত তার বেশ কিছু তথ্য প্রমাণ তুলে দেবেন বলে মনে করা হচ্ছে৷
প্রসঙ্গত গত পাঁচ মাসের মধ্যে এটা কারজাইয়ের দ্বিতীয় ভারত সফর৷ এর আগে কাবুলে ভারতীয় দূতাবাসে জঙ্গি হানার পর তিনি ভারত সফরে এসেছিলেন৷ এই সফরে কারজাইয়ের সঙ্গে এসেছেন আফগানিস্তানের বিদেশ মন্ত্রী দাদফর পান্থা ও আফগানিস্তানের জাতীয় সুরক্ষা আধিকারিক জালময় রাসুল৷
দিল্লি চাইছে সার্কভুক্ত দেশের হাতে এবার 26/11 কান্ডে পাকিস্তান জড়িত থাকার প্রমাণ তুলে দিতে৷ তাহলে পরবর্তী সার্ক বৈঠকে পাকিস্তানের উপরে চাপ তৈরি করা সম্ভব হবে৷ একদিকে আন্তর্জাতিক মহল সহ রাষ্ট্র সংঘের চাপ ও অন্যদিকে সার্কভুক্ত দেশ গুলোর যৌথ চাপের সামনে পড়ে একসময় পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে জানা গেছে৷ মুম্বাই কান্ডের পর ভারত ও আফগানিস্তান সহযোগিতা আরও বৃদ্ধি করে পাকিস্তানে থাকা জঙ্গি শিবির ধ্বংস করার জন্য চাপ সৃষ্টি করবে৷
|