শুক্রবার লোকসভায় পেশ হতে চলেছে 2009-10 সালের রেল বাজেট৷ লালু জমানার পর আবার ''দিদি'' জমানা৷ নিজের সেকেন্ড টার্মে তার ম্যাজিক বক্সে কি রয়েছে জানা যাবে কয়েক ঘন্টার মধ্যেই৷ তবে রেল বাজেটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদিলেন বাজেট হবে ''প্রো-পিপল'' মানে জনমুখী৷ সাংবাদিকদের তিনি জানালেন- আমি আম জনতার কথা ভেবেই নিজের বাজেট করেছি৷ আশা করছি এতে তাদের উপকার হবে৷ বহুদিন পরে আবার লোকসভায় বাজেট পেশ করবেন তিনি৷ তবে তা নিয়ে চিন্তিত নন৷ বরং পশ্চিমবঙ্গে সি পি এম তথা বামফ্রন্টকে নাকানিচোবানো খাওয়ানো এই নেত্রী পুরোভোট জিতে এখন অনেক, অনেক বেশী কনফিডেন্ট৷ যদিও শোনা যাচ্ছে বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা৷ লালুর মত তিনি অবশ্য গরীব রথ সহ আম জনতার জন্য বেশ কিছু চটকদার বিষয় রাখছেন৷ কিন্তু রেলের সার্বিক আধুনিকীকরণের ওপর জোড় দিচ্ছেন তিনি৷ একথাও শোনা যাচ্ছে যাত্রী ভাড়া নিয়ে নতুন ভাবনা-চিন্তা হতে পারে৷ভাড়া বৃদ্ধির বিষয়টি নতুন করে ভাবা হচ্ছে৷ যদিও বিষয়টি নিয়ে রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা মুখ খুলছেন না৷ রেল সুরক্ষা বৃদ্ধি সহ আরও ভেন্ডারদের জন্য কম মূল্যে মান্থলির ব্যবস্থা থাকছে৷মমতা এবারে সব থেকে বেশী জোড় দিচ্ছেন রেলওয়ের আধুনিকীকরণের ওপর৷ কিন্তু মমতার আধুনিকীকরণের সংজ্ঞা একটু পৃথক৷ ঝকঝকে-তকতকে রেলের পাশাপাশি রেলকে জন সাধারণের জন্য আরও বেশী উপযোগী করতে চান তিনি৷ তার অন্যতম ফান্ডা অধিক গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে এবং পাশাপাশি অন্যান্য স্টেশনগুলিকে সুরক্ষার বেড়াজালে ঘিরে ফেলা৷ এই কারণেই প্রতিটি স্টেশনে সি সি টিভি লাগানোর কথা বলেছেন তিনি৷ যাতে মুম্বাই কাণ্ডের মত অন্য কোন ঘটনাকে রোখা যায়৷ তার যাত্রী পরিষেবার আরেকটি দিক রেলযাত্রীদের কম দামে ভালো খাবার দেওয়া৷ এই খাবারে থাকছে বাঙালীয়ানার ছোঁয়া৷ থাকছে বাঙালীর জাতীয় খাদ্য মাছ-ভাত৷ মাত্র 20 টাকায় এই মিল পাবেন রেলযাত্রীরা৷ তেমনই সারা ভারতে হট ফেভারিট পুরী-সবজি স্থান পাবে রেলের খাদ্য তালিকায়৷এই নির্বাচনে পশ্চিমবঙ্গ তাকিয়ে আছে মমতার দিকে৷ মেট্রো সম্প্রসার বিষয়টি হয়তো থাকবে বাজেটে৷ বিশেষত মেট্রোর কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া, এবং মেট্রোকে দমদম থেকে ব্যারাকপুর পর্যন্ত সম্প্রসার করা এই বিষয়ে ভাবনা-চিন্তা চলছে৷ পাশাপাশি ব্যস্ততম স্টেশন শিয়ালদহের দিকে বাড়তি নজর দিচ্ছেন তিনি৷ ভারতের বেশ কয়েকটি রেল স্টেশনকে বিশ্বের সেরা স্টেশনে পরিণত করতে চান মমতা৷ যার মধ্যে শিয়ালদহের নাম থাকছে৷ এই স্টেশনটিকে আরও উন্নত করার কথা ভেবেছেন মমতা৷ তবে যেহেতু রেলমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কারণে বেশ কিছু ''চমক'' থাকতে পারে৷ সেই সঙ্গে রাজ্যবাসীর বাড়তি চাহিদার কথায় হয়তো মাথায় রাখবেন রেলমন্ত্রী৷ |