2009-10 সালের রেল বাজেট পেশ করতে এসেই যখন বিরোধীদের টিপ্পনী শুনতে হচ্ছে তাকে, ঠিক সেই সময়েই চিরাচরিত স্টাইলে জানালেন- আমাকে বাজেট পেশ করতে দিন, তারপর না হয় সমালোচনা করবেন৷ আগেই বলেছিলেন তার বাজেট হবে ''জনমুখী''৷ লোকসভাতে দাঁড়িয়েই ''মা-মাটি-মানুষ'' য়ের কথা বললেন৷ দৃপ্ত কন্ঠে বললেন- তার বাজেট দরিদ্রদের জন্য৷ সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়- গরীব মানুষের টিকিট কাটতে খুবই অসুবিধা হয়৷ আর একমাত্র তাদের কথা ভেবেই তিনি ''মুশকিল আসান'' পদ্ধতি বের করেছেন৷ লোকসভাতেও বার কয়েক মুশকিল আসান শব্দটি উচ্চারণ করলেন৷
কি এই ''মুশকিল আসান?''
এর মাধ্যমে এখন থেকে স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে না আম জনতার৷ বরং মাইলের পর মাইল পেড়িয়ে স্টেশনে না গিয়ে নিজেদের নিকটবর্তী অঞ্চল থেকেই টিকিট কাটতে পারবেন তারা৷ এবার 5000 পোস্ট অফিস থেকে টিকিট পাবেন তারা৷ সেই সঙ্গে কাছের বাজার আর মহল্লা থেকেও টিকিট কিনতে পারবেন সকলে৷
ট্রেন যাত্রীদের স্বাস্থ্যের দিকটিও নজর রেখেছেন তিনি৷ এবার থেকে দূরপাল্লার ট্রেনে একজন করে ডাক্তার থাকবে বলে জানিয়েছেন তিনি৷ শৌচাগার ব্যবস্থা উন্নত করার দিকেও জোড় দিয়েছেন মমতা৷
|