ভারত-চিন সীমান্তে শান্তি বজায় রাখার আর্জি প্রধানমন্ত্রীর
সোমবার, 26 অক্টোবর 2009( 10:19 IST )
PTI
PTI
ভারতের সঙ্গে চিনের দ্বি পাক্ষিক সম্পর্ককে মজবুত করতেই আশিয়ান বৈঠকে গেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ দু দিনের থাইল্যান্ড সফর সেরে তিনি দেশে ফিরে এসেছেন৷ রবিবার তিনি সাংবাদিক বৈঠক করেন৷
সাংবাদিকদের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন চিনের প্রিমিয়ার ওয়েন জিয়া বাও এর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে তিনি আলোচনা করেছেন৷ চিনা সেনার লাদাখে অনুপ্রবেশ, ভারতের বায়ু সীমায় চিনের বায়ু সেনার হেলিকপ্টারের অনুপ্রবেশ প্রভৃতি নানা ঘটনাই যা গত এক মাসে দুই দেশের রাজনৈতিক মহলকে উত্তপ্ত করেছিল তা সবই তাদের আলোচনায় উঠে এসেছে৷
চিনের প্রিমিয়ান ওয়েন প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন সীমন্তে তারা শান্তি বজায় রাখবেন৷ অপরদিকে দলাই লামার বিষয়টিতে প্রধানমন্ত্রী জিয়া বাওকে জানিয়েছেন তিব্বতের ধার্মিক নেতা দলাই লামা হলেন আমাদের অতিথি৷ তাঁর অরুনাচলে আসা নিয়ে ভারতের কোন রকম আপত্তি নেই৷
তবে দলাই লামার অরুনাচল সফরের বিষয়টিতে জিয়া বাও কোন মন্তব্য প্রকাশ করেন নি৷ এর আগে চিন এই বিষয়টিতে বলেছিল দলাই লামাকে অরুনাচল সফরে অনুমতি দিয়ে দিল্লি ঠিক করে নি৷ তবে প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা স্পষ্ট আশিয়ান বৈঠক ভারত-চিন এই দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে খানিকটা মজবুত করেছে৷