প্রধানমন্ত্রী মনমোহন সিং তার সাম্প্রতিক কাশ্মীর সফরে নতুন কিছু বলেন নি৷ যা বলেছেন তা বহু আগে দিল্লির ঘোষিত অবস্থান৷ যে ভাবে কেন্দ্রীয় সরকার ও ভারতের মিডিয়ার এক অংশ প্রধানমন্ত্রীর প্রস্তাব নিয়ে উচ্ছসিত সে রকম কোন কারণ দেখছেন না জম্মু-কাশ্মীরে সক্রিয় হুরিয়েত কনফারেন্স৷
কনফারেন্সের পক্ষ থেকে মুখপাত্র আয়জ আকবর জানান, প্রতিবার যখন প্রধানমন্ত্রী কাশ্মীর সফরে আসেন তখন মুখরক্ষার জন্য কিছু প্যাকেজ ঘোষণা করেন৷ একই ভাবে আলোচনার প্রস্তাব দিয়ে থাকেন৷ এবার প্রধানমন্ত্রী রাজনৈতিক পরস্পরা মেনে সেই কাজ করেছেন৷ হুরিয়েত কনফারেন্সের কট্টোরবাদী অংশ নিজেদের অবস্থান নিয়ে কঠোর হলে কিন্তু নিজেদের মধ্যে মতভেদ রয়েছে তা পরিস্কার৷
কট্টোরবাদী অংশের দাবি আলোচনার আগে তাদের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল তা মেনে নিতে হবে সরকার'কে৷ তার মধ্যে প্রথমেই রয়েছে কাশ্মীরকে বির্তকিত ভূখন্ড বলে স্বীকার করতে হবে৷ এখানে থেকে সামরিক ও আধাসামরিক বাহিনী প্রত্যাহার করতে হবে৷ সমস্থ রাজনৈতিক বন্ধীদের মুক্তি দিতে হবে৷
তবে দিল্লি যে এর কোন দাবি মানবে না তা বহু আগে পরিস্কার করে দিয়েছেন শীর্ষ নেতৃত্ব৷ হুরিয়েতের এক অংশ যখন এতটা করা অবস্থান নেওয়ার পক্ষপাতী তখন কিন্তু আরেক অংশ মনে করেন বর্তমান অবস্থায় সরকারের সঙ্গে আলোচনা করা সঠিক সিদ্ধান্ত হবে৷