1 ম প্যারা : সুরা -1
মক্কায় অবতীর্ণ
পরিচিতি
সুরা ফাতিহাহ বা উদ্ঘাটিকা দিয়ে আল্ - কুরআনের দ্বার উন্মোচন করা হয়েছে৷ এর "বারবার পঠিত সাতটি আয়াত" (কুরআন 15:87) নামাষের প্রতি রাকাতে দিনের মধ্যে বহুবার পঠিত হয়ে থাকে৷ একে আরও বলা হয় "উন্মুল কিতাব" বা কুরআনের সারবত্তা, কারণ কুরআনের সারগর্ভ বাণী এতে নিহিত রযেছে৷
আল-কুরআনের রচয়িতা নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলেছেন যে তাঁর নাম 'আল্লাহ'৷ তারপর তাঁর পরিচিত বর্ননা করতে গিয়ে বলেছেন- তিনি সমুদয় বিশ্ব-জগতের 'রব্ব' বা সৃষ্টিকর্তা৷ এরপর বলেছেন যে তিনি 'রহমান' অর্থাত সেই সৃষ্ট-জগতের লালন-পালনের সমস্ত উপকরণ প্রদানকারী৷ তারপর বলেছেন তিনি 'রহীম' অর্থাত বিশ্ববাসীর প্রত্যেকের কর্মপ্রচেষ্টার ফলদাতা৷ সঙ্গে সঙ্গে বলেছেন তিনি 'মালিক' বা প্রত্যেকের ভালমন্দ ক্রিয়াকলাপের সুবিচারক৷
আল্লাহ নিজের এই পরিচয় দিয়ে নিজগুণে মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে, মানুষ যেন কেবল তাঁরই আরাধনা করে এবং তারই কাছে তার সব চাওয়া-পাওয়ার ও সাহায্য্-সহায়তার জন্য হাত বাড়ায়৷ তার জীবনের চলার পথ যেন সহজ-সুগম হয়, পিচ্ছিল ভ্রান্ত পথ থেকে ইদ্ধার করে তার প্রতি যেন আল্লাহ আশিস বর্ষণ করেন৷
======================
আল্লাহর কাছে আমি আশ্রয় চাইছি ভ্রষ্ট শয়তানের (প্ররোচনা) থেকে (যে জিন ও বেয়াড়া পশু এবং ধূর্ত মানুসঃএর মানসিকতা নিয়ে আমাদের মধ্যে বিচরণ করে এবং সমাজ পাপাচার ও অনাচার সৃষ্টি করে থাকে)৷
আল্লাহর নাম নিয়ে (আরম্ভ করছি), (যিনি) রহমান (-পরম করুণাময়, যিনি অসীম করুণা ও দয়া বশত: বিশ্বজগতের সমস্ত সৃষ্টির সহাবস্থানের প্রয়োজনীয় সব ব্যবস্থা অগ্রিম করে রেখেছেন), (যিনি) রহিম (-অফুরন্ত ফলদাতা, যাঁর অপার করুণা ও দয়ার ফলে প্রত্যেকের ক্ষুদ্রতম শুভ-প্রচেষ্টাও বিপুলভাবে সাফল্যমণ্ডিত ও পুরস্কৃত হয়ে থাকে)৷
1. সমস্ত প্রশংসা আল্লাহর প্রাপ্য, সমুদয় সৃষ্ট-জগতের রব্ব৷
2. রহমান; রহীম৷
3. বিচারকালের মালিক৷
4. "তোমারই আমরা এবাদত করি, এবং তোমারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি৷
5. " আমাদের তুমি সহজ-সঠিক পথে পরিচালিত করো, -
6. "তাদের পথে যাদের প্রতি তুমি নিয়ামত অর্পণ করেছ;
7. "তাদের ব্যতীত যাদের প্রতি গয্ব এসেছে এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট৷"
(হে প্রভু! আমাদের এ মোনাজাত তুমি কবুল করো!) |