পার্থের ওয়াকা পিচ ক্রিকেট খেলোয়াড়দের কাছে মূর্তিমান আতঙ্ক৷ তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হুমকি দিয়ে রেখেছিলেন ভারতের ব্যাটসম্যানদের কাছে তিনি তাঁর বোলারদের যমদূতের বাহন করে পাঠাবেন৷ আর বলবেন নাই বা কেন?
যার হাতে চার চারটে ফাস্ট বোলার আছে ও যাদের বলের গতিবেগ শুরু হয় 145 কিমি থেকে, সেই অধিনায়কের এমন কথা বলা শোভা পায়৷ তাই যখন তিনি সাংবাদিক সন্মেলনে এরকম দাবি করেন তখন আশ্চর্য লাগে না৷ সমস্ত ভারতবাসী ভাবতে শুরু করেছিলেন যে মুখে যতই সন্ধির কথা বলা হোক না কেন অসিরা তাদের লক্ষ্য থেকে পিছু হটবে না৷
কিন্তু আজ খেলা দেখতে বসে অবাক হতে হয়৷ যতই খেলা দেখছি ততই অবাক হচ্ছি৷ অবাকটা কিসের? অবাক একটাই লাগছে যে টসে জিতে ভারত ব্যাটিং নেওয়ার পর কোনরকম বাজে আপিল করছে না অসিরা কিংবা মাঠে যেটা তারা করে থেকে মানে আর কি একটা আগ্রাসনভাব সেটা যেন উধাও৷ সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে অসিদের হলটা কি? তারা কি পাল্টে গেল? নাকি এটাও একটা চাল?
সে যাই হোক আজকের খেলাতে অসিরা এমন কোন কাজ করে নি যেটা অনৈতিক লাগে? অসিদের আজকের সেই মাত্রাতিরিক্ত আপিল নেই যেটা ছিল সিডনীতে৷ অবশ্য ভারত যে ওয়াকার পিচ দেখে ঘাবড়ে যায় নি সেটা আজকের খেলাতে পরিষ্কার৷ আজকে দিনের শেষে ভারত 6 উইকেট হারিয়ে 297 রান করেছে৷ সবচেয়ে বড় কথা অসি বোলারদের একবার মনে হয় নি তারা লিলি-টমসনের উত্তরসুরী৷
সচিন কিংবা রাহুল ভাল ব্যাট করলেন৷ এর মধ্যে রাহুল এক ক্যাচের সুযোগ দিলেও সচিনের তরফে ছিল একেবারে নিঁখুত ইনিংস৷ সচিন ফের আউট হলেন আম্পায়ারের ভুল সিদ্ধান্তে৷ শুধু কি অসিরা? না, আম্পায়াররাও প্রচন্ড চাপের মধ্যে আছেন তাদের মুখ চোখের হাবভাব দেখে পরিষ্কার৷ সচিনের বিরুদ্ধে একটা ক্যাচ আউটের আবেদন উঠল ও অবশ্যই সেটা একটু বিতর্কিত৷
বিলি বাউডেন সচিনকে জিজ্ঞাসা করলেন যে বল কোথায় লেগেছে ও সচিনের কথা শুনে তাঁকে নট আউটের ইশারা করলেন৷ আবার সচিনকে ভুল আউট দিলেও রাহুলের পরিষ্কার আউট আম্পায়ার না দিয়ে বুঝিয়ে দিলেন কি প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন তারা৷ অসিদের মাঠের মধ্যের ব্যবহার ও আম্পায়ারদের চাপের মধ্যে থেকে খেলা পরিচালনা এই দুটোই দেখা গেল আজকের ওয়াকায়৷
তবে কি এটা বলা যেতে পারে না ভারত পার্থে একটা নৈতিক জয় দিয়ে মাঠে নেমেছে?
|